বেসরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ ৫ লাখ

প্রতি সৌদি রিয়াল ৩৩ টাকা ২০ পয়সা ধরে প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। পরে সৌদি রিয়ালের রেটে কোনো পরিবর্তন এলে তা প্যাকেজ মূল্যের সাথে সমন্বয় করা হবে বলেও জানিয়েছেন হাব সভাপতি।

নয়া দিগন্ত অনলাইন
নয়া পল্টনে একটি হোটেলে হাবের সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার হজ প্যাকেজ ঘোষণা করেন
নয়া পল্টনে একটি হোটেলে হাবের সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার হজ প্যাকেজ ঘোষণা করেন |ইন্টারনেট

বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ অ্যাজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ ধরা হয়েছে পাঁচ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা।

আজ বুধবার রাজধানীর নয়া পল্টনে একটি হোটেলে হাবের সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার হজ প্যাকেজ ঘোষণা করেন। এসময় মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন।

হাব সভাপতি বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য তিনটি হজ প্যাকেজ করা হয়েছে। হজ প্যাকেজ-১ (বিশেষ)- এর সর্বমোট মূল্য সাত লাখ ৯১ হাজার ৬০ টাকা, হজ প্যাকেজ-২ (সাধারণ)- এর সর্বমোট মূল্য পাঁচ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা এবং হজ প্যাকেজ-৩ (সাশ্রয়ী)- এর সর্বমোট মূল্য পাঁচ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও অ্যাজেন্সিগুলো হজযাত্রীর চাহিদা অনুযায়ী আরো একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ নির্ধারণ করতে পারবেন।

প্রতি সৌদি রিয়াল ৩৩ টাকা ২০ পয়সা ধরে প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। পরে সৌদি রিয়ালের রেটে কোনো পরিবর্তন এলে তা প্যাকেজ মূল্যের সাথে সমন্বয় করা হবে বলেও জানিয়েছেন হাব সভাপতি।