বর্ষায় সড়কের ভাঙন রোধে ‘রাবারাইজড’ বিটুমিন ব্যবহারের পরিকল্পনা সরকারের

‘মালয়েশিয়ায় প্রচুর বৃষ্টিপাত হলেও তাদের কার্পেটিং করা সড়ক সহজে নষ্ট হয় না। কারণ, তারা বিটুমিনের সাথে রাবার ব্যবহার করে।’

নয়া দিগন্ত অনলাইন
সাংবাদিকদের সাথে কথা বলছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম
সাংবাদিকদের সাথে কথা বলছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম |ছবি : মন্ত্রণালয়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, বর্ষাকালে বৃষ্টির কারণে সড়ক নষ্ট হওয়া ঠেকাতে পর্যায়ক্রমে দেশের ২০ শতাংশ সড়কে রাবারাইজড বিটুমিন বা পলিমার মডিফাইড বিটুমিন ব্যবহারের উদ্যোগ নেয়া হচ্ছে। এ প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশকে কারিগরি সহায়তা দেবে মালয়েশিয়া।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘রাবারাইজড বিটুমিন সাধারণত সড়কের কার্পেটিংয়ের কাজে ব্যবহার করা হয়। মালয়েশিয়ায় প্রচুর বৃষ্টিপাত হলেও তাদের কার্পেটিং করা সড়ক সহজে নষ্ট হয় না। কারণ, তারা বিটুমিনের সাথে রাবার ব্যবহার করে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বর্ষাকালে বৃষ্টির কারণে সড়ক নষ্ট হওয়ার প্রবণতা রয়েছে। তাই পর্যায়ক্রমে দেশের ২০ শতাংশ সড়কে রাবারাইজড বিটুমিন ব্যবহারের পরিকল্পনা নেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে বাংলাদেশ সরকারও সিদ্ধান্ত নিয়েছে যে বর্ষা মৌসুমে যাতে রাস্তাগুলো বৃষ্টির সময় নষ্ট হয়ে না যায়, সে কারণে আমরা প্রযুক্তিটা পর্যায়ক্রমে শুরু করব। প্রযুক্তিটা আমাদের কাছে সহজলভ্য না হওয়ায় মালয়েশিয়া আমাদের কারিগরি সহায়তা দেবে।’

রাবারাইজড বিটুমিন ব্যবহারের প্রযুক্তি বাংলাদেশে নতুন নয় জানিয়ে মীর শাহে আলম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ২০০৫ সালে যখন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন, তখন বগুড়া সদরের নির্বাচনী এলাকায় আমরা মালয়েশিয়া থেকে এই পলিমার মডিফাইড বিটুমিন অর্থাৎ রাবারাইজড বিটুমিন নিয়ে এসে দুই কিলোমিটার রাস্তা পাইলটিং করেছিলাম। ওই সময় বর্তমান স্থানীয় সরকার বিভাগের সচিব সচিব শহীদুল হাসান এলজিইডির প্রধান প্রকৌশলী ছিলেন।’

পরীক্ষামূলকভাবে নির্মাণ করা ওই সড়ক এখনো ভালো আছে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘ভবিষ্যতে যে গ্রামীণ রাস্তাগুলো আমরা মেরামত করব, রক্ষণাবেক্ষণ করব বা নতুন রাস্তা তৈরি হবে তখন সেগুলোতে রাবারাইজড কার্পেটিং বিটুমিন দ্বারা কার্পেটিংয়ের জন্য আমরা এগিয়ে যাব।’

বৈঠকে বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগের বিষয়েও আলোচনা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘মালয়েশিয়া বাংলাদেশে বৈদ্যুতিক যান বা ইভি খাতে বিনিয়োগ করতে আগ্রহী। এছাড়া সৌর প্যানেল ও নবায়নযোগ্য জ্বালানি খাতেও বিনিয়োগ করবে দেশটি।’

পাশাপাশি হালাল খাদ্য খাতেও বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

সূত্র : ইউএনবি