৭৯ হাজার ১০০ বাংলাদেশী হাজী ও হজসেবাদানকারী দেশে ফিরেছেন

এদিকে, চলতি হজ মৌসুমে সৌদি আরবে ৫৫ জন বাংলাদেশী হাজীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৭ জন পুরুষ এবং ১৮ জন নারী।

নয়া দিগন্ত অনলাইন
প্রতীকী ছবি

চলতি বছরের হজ সম্পন্ন করে মঙ্গলবার পর্যন্ত সৌদি আরব থেকে ৭৯ হাজার ১০০ জন বাংলাদেশী হাজী ও হজসেবাদানকারী দেশে ফিরেছেন।

এক কর্মকর্তা জানান, দেশে ফেরার জন্য মোট ২১৬টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ১১৬টি, সৌদিয়া এয়ারলাইন্স ৭০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩০টি ফ্লাইট।

হজ অফিসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ৭৪ হাজার ৬৪১ জন হাজীসহ মোট ২১৬টি ফ্লাইটে দেশে ফিরেছেন।

এয়ারলাইন্সভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১৬টি ফ্লাইটে ৩৪ হাজার ৫৬৭ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৭০টি ফ্লাইটে ২৫ হাজার ৩৭৭ জন, ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩০টি ফ্লাইটে ১১ হাজার ৪৩ জন এবং অন্যান্য এয়ারলাইন্সে ৮ হাজার ১১৩ জন হাজী সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।

এদিকে, চলতি হজ মৌসুমে সৌদি আরবে ৫৫ জন বাংলাদেশী হাজীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৭ জন পুরুষ এবং ১৮ জন নারী।

চলতি বছরের হজযাত্রী বহনের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল শুরু হয় এবং ২১ মে শেষ হয়। হজ শেষে দেশে ফেরার ফ্লাইট ৩০ মে শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে। সূত্র : বাসস