ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারিদের ঋণ সুবিধা দেয়া হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

‘উৎপাদন ব্যয় কমানো, ফিডের দাম সহনীয় রাখা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতের মাধ্যমে দেশের পোল্ট্রি শিল্পকে আরো শক্তিশালী ও টেকসই করে গড়ে তোলা হবে।’

নয়া দিগন্ত অনলাইন
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু |সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের পোল্ট্রি শিল্পকে আরো শক্তিশালী ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি খামারিদের কৃষি ঋণের আদলে সহজ শর্তে ঋণ সুবিধা দেয়া হবে।

তিনি বলেন, ‘উৎপাদন ব্যয় কমানো, ফিডের দাম সহনীয় রাখা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতের মাধ্যমে দেশের পোল্ট্রি শিল্পকে আরো শক্তিশালী ও টেকসই করে গড়ে তোলা হবে।’

শনিবার (১৮ জুলাই) টাঙ্গাইল মডেল সিটিতে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএ) আয়োজিত পোল্ট্রি খামারি সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ক্ষুদ্র খামারিদের টিকে থাকার ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো নিয়ে বিপিআইএ’র নেতৃবৃন্দ, ফিড উৎপাদক, কাঁচামাল সরবরাহকারী ও একদিনের বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে ইতোমধ্যেই একাধিক দফা আলোচনা হয়েছে। সবাইকে নিয়ে এসব সমস্যা সহনীয় পর্যায়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা সবার দায়িত্ব। এজন্য উপজেলা ও থানা প্রাণিসম্পদ কর্মকর্তাদের তদারকি আরো জোরদার করতে হবে।

তিনি বলেন, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধ করে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিরাপদ পোল্ট্রি উৎপাদনে গুরুত্ব দিতে হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আরো বলেন, ফিডের দাম সহনীয় রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে আলোচনা করে কার্যকর উদ্যোগ নেয়ার চেষ্টা করা হবে।

তিনি বলেন, পোল্ট্রি শিল্প টিকে থাকলে লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের প্রাণিজ প্রোটিনের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই সরকার এ শিল্পের উন্নয়ন ও টেকসই বিকাশে বদ্ধপরিকর।

বিপিআইএ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শওকত আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা: মো: বয়জার রহমান, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: রবিউল ইসলাম, বিপিআইএ’র কেন্দ্রীয় সভাপতি মোশারফ হোসাইন চৌধুরী, মহাসচিব এম সাফির রহমান ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ উসমান গনি।

অনুষ্ঠানে জেলার প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারিদের পাশাপাশি রাজনৈতিক নেতা ও বিপিআইএ’র বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বাসস