বিরোধীদলীয় নেতা

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দেন

সংসদে শুরু থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী অশোভন আচরণ করছেন। তিনি শুরু থেকেই তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য দেন। তিনি নিজেকে কী মনে করেন? আমরা তার ছাত্র হিসেবে এখানে আসিনি।

সংসদ প্রতিবেদক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান |ছবি ভিডিও থেকে নেয়া

জাতীয় সংসদ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানিয়ে তাকে দুঃখপ্রকাশ করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। তিনি বলেছেন, সংসদে শুরু থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী অশোভন আচরণ করছেন। তিনি শুরু থেকেই তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য দেন। তিনি নিজেকে কী মনে করেন? আমরা তার ছাত্র হিসেবে এখানে আসিনি।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে উত্তেজনার পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন তিনি। সংসদে সভাপতিত্ব করেন স্পিকার বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্ন বুঝতে পারেননি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘স্পিকার, এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি।’ পরে জামায়াতের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের প্রশ্নের পর স্বরাষ্ট্রমন্ত্রী তার কথা মনোযোগ দিয়ে শোনেনি জানিয়ে আবার প্রশ্ন করার আহবান জানান।

এর পরই সংসদে হট্টগোল শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানানো হয় বিরোধীদলের পক্ষ থেকে।

এরপরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী) নিজেকে কী মনে করেন! তিনি শুরু থেকেই সংসদে দুঃসাহস দেখিয়েছেন! তিনি শুরু থেকেই তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য দেন। আমরা তার ছাত্র হিসেবে এখানে আসি নাই। তিনি শিক্ষক হলে ইউনিভার্সিটি খুলুন, সেখানে তিনি বক্তব্য দিতে পারবেন। এটা ফ্যাসিবাদের সংস্কৃতি। আমি দায়িত্ব নিয়ে বলছি, উনাকে দুঃখ প্রকাশ করতে হবে।