সংস্কার কাজ শেষ, পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত কামরাঙ্গীরচর লোহার ব্রিজ

১৪৫ মিটার দীর্ঘ ও চার দশমিক দুই মিটার প্রশস্ত কামরাঙ্গীরচর লোহার ব্রিজটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। দ্রুততম সময়ে সংস্কারকাজ সম্পন্ন হওয়ায় এখন ব্রিজটি দিয়ে নিরাপদে চলাচলের সুযোগ তৈরি হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
কামরাঙ্গীরচরের লোহার ব্রিজটি সংস্কারের পর আবারো চলাচলের জন্য খুলে দিয়েছে ডিএসসিসি
কামরাঙ্গীরচরের লোহার ব্রিজটি সংস্কারের পর আবারো চলাচলের জন্য খুলে দিয়েছে ডিএসসিসি |সংগৃহীত

নিজস্ব অর্থায়নে মাত্র ২৫ দিনে সংস্কারকাজ সম্পন্ন করে পুনরায় খুলে দেয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গুরুত্বপূর্ণ কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। সংস্কারের পর ব্রিজটি এখন থেকে শুধু পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।

শুক্রবার (২৮ আগস্ট) ডিএসসিসি’র প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে ব্রিজটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

১৪৫ মিটার দীর্ঘ ও চার দশমিক দুই মিটার প্রশস্ত কামরাঙ্গীরচর লোহার ব্রিজটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। দ্রুততম সময়ে সংস্কারকাজ সম্পন্ন হওয়ায় এখন ব্রিজটি দিয়ে নিরাপদে চলাচলের সুযোগ তৈরি হয়েছে।

ডিএসসিসি সূত্র জানায়, প্রতিদিন প্রায় ৭০ হাজার মানুষ ব্রিজটি ব্যবহার করেন। সংস্কারের ফলে কামরাঙ্গীরচর এলাকার বিপুলসংখ্যক নাগরিক উপকৃত হবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস সালাম বলেন, নগরবাসীর যাতায়াতকে আরো সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন করতে সিটি করপোরেশন বদ্ধপরিকর। নিজস্ব অর্থায়নে রেকর্ড সময়ের মধ্যে কামরাঙ্গীরচর লোহার ব্রিজের সংস্কারকাজ সম্পন্ন করা তারই একটি প্রমাণ।

তিনি বলেন, কামরাঙ্গীরচরের ঐতিহ্যবাহী এ ব্রিজটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা হবে। এ লক্ষ্যে আট লেন প্রকল্প সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে।

প্রশাসক আরো ঘোষণা করেন, সংস্কারের পর থেকে ব্রিজটি কেবল পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। এর ফলে ব্রিজটির ওপর যানবাহনের চাপ কমার পাশাপাশি পথচারীদের নিরাপত্তা ও চলাচলের সুবিধা নিশ্চিত হবে।

অনুষ্ঠানে ডিএসসিসির অঞ্চল-৩-এর নির্বাহী প্রকৌশলী আহসান হাবীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাসস