যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার (২৭ আগস্ট) পালিত হবে।
এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ ‘মসজিদুল জামিয়া’-য় ফজরের পর কোরআনখানি অনুষ্ঠিত হব। সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের ভিসির নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু করে ৬টা ৪৫ মিনিটে শোভাযাত্রা সহকারে কবির কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করবেন।
কবর প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চে ভিসির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে স্মারক বক্তৃতা করবেন নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. তারিক মনজুর।
এদিকে, দিবসটি উপলক্ষে নজরুল ইনস্টিটিউটে ‘মৃত্যুঞ্জয়ী নজরুল’ শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল ও হামদ-নাত অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি সচিব কানিজ মাওলা।
এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাসস



