স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশের জনবল বৃদ্ধির জন্য নতুন চার হাজার এসআই, চার হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, পুলিশের জনবল বৃদ্ধি সংক্রান্তে বর্তমান সরকারের গৃহীত পরিকল্পনা হলো— নতুন চার হাজার এসআই (নিরস্ত্র), চার হাজার সার্জেন্ট এবং ১০ হাজার কনস্টেবল পদ সৃজন করা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংসদে রংপুর-৬ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো: নুরুল আমীনের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই পদগুলো সৃজন করা হলে হলে রংপুর জেলাতেও জনবল বৃদ্ধি পাবে।
তিনি জানান, পুলিশের যানবাহন প্রদান সংক্রান্তে বর্তমান সরকারের গৃহীত পরিকল্পনা নিম্নরূপ : আগামী পাঁচ অর্থবছরে পর্যায়ক্রমে টিওঅ্যান্ডইভুক্ত যানবাহন ও জলযানের ঘাটতি রাজস্ব বাজেটের মাধ্যমে ক্রয়পূর্বক পূরণ করা।
যানবাহনের প্রকৃত প্রয়োজনীয়তা নির্ধারণ করার জন্য সম্ভাব্যতা যাচাইপূর্বক উন্নয়ন প্রকল্প গ্রহণের মাধ্যমে যানবাহনের ঘাটতি পূরণ করা।
নবসৃষ্ট ইউনিট, জনবল এবং কাজের পরিধি বিবেচনায় টিওঅ্যান্ডইতে যানবাহন ও জলযানের সংখ্যা বৃদ্ধি করা।
পর্যায়ক্রমে মাঠ পর্যায়ের ইউনিটগুলোতে প্রয়োজনীয় যানবাহন সরবরাহ করা। বাসস



