সুনামগঞ্জে বন্যাদুর্গত পাঁচ শতাধিক মানুষের পাশে বিজিবি মহাপরিচালক

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ‘দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগ-পরবর্তী সঙ্কট এবং মানবিক বিপর্যয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বর্ডার গার্ড বাংলাদেশের অন্যতম দায়িত্ব।’

নিজস্ব প্রতিবেদক
নয়া দিগন্ত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সুনামগঞ্জের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে পাঁচ শতাধিক ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। একইসাথে বন্যাকবলিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়েছে।

বুধবার সকালে বিজিবি মহাপরিচালক সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বন্যাদুর্গত লালপুর গুচ্ছগ্রাম এলাকা পরিদর্শন করেন।

এ সময় সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক অসহায় মানুষের মধ্যে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত বন্যাদুর্গত মানুষের জন্য বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগ লাঘবে বিজিবির মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ‘দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগ-পরবর্তী সঙ্কট এবং মানবিক বিপর্যয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বর্ডার গার্ড বাংলাদেশের অন্যতম দায়িত্ব।’

তিনি আরো বলেন, যেকোনো দুর্যোগ ও জাতীয় সঙ্কটময় মুহূর্তে জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা এবং মানবিক সহায়তা প্রদানে বিজিবি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের মানুষের কল্যাণে বিজিবির ত্রাণ, উদ্ধার ও চিকিৎসাসহ মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।