দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, মানুষের জীবন ও জীবিকা রক্ষা, দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং একটি নিরাপদ, সমৃদ্ধ ও সবুজ বাংলাদেশ নির্মাণ করার অঙ্গীকার নিয়েই আমাদের পথচলা। আগামী দিনগুলোতে জনগণকে সাথে নিয়ে এই পথ আরো দৃঢ়ভাবে এগিয়ে যাবে।
তিনি বলেন, ঝড়, জলোচ্ছ্বাস ও বন্যা প্রায়শই আছড়ে পড়ে উপকূলীয় অঞ্চলে। দুর্যোগের কবল থেকে রক্ষা পেতে এ অঞ্চলের মানুষদের প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। সরকার সেই সঙ্কটকালে মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে উপকূলবাসীর পাশে রয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের ১১টি উপকূলীয় জেলার জন্য ১১টি রেসকিউ বোট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শাইদা শিনিচি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো: সাইফুল ইসলাম ও জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ জনকো তাকাশি। বাসস



