২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

‘স্বাধীনতার ৫৩ বছরে আমরা যে সাহস দেখাতে পারিনি, ৩৬ জুলাইয়ে সেই সাহস দেখিয়েছে তরুণরা। স্বৈরাচারবিরোধী আন্দোলনে বীরের মতো লড়াই করেছে তরুণরা। বাংলাদেশের আন্দোলন সংগ্রামে তরুণদের বিরাট ত্যাগ রয়েছে। তাদের অবদানে এই দেশ এগিয়ে যাবে।’

নয়া দিগন্ত অনলাইন
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ নাসিব হাসান রিয়ানের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ নাসিব হাসান রিয়ানের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন |সংগৃহীত

২০২৪ সালের গণঅভ্যুত্থানে ৩৬ জুলাইয়ে তরুণরাই আন্দোলনে শক্তি ও সাহস জুগিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছরে আমরা যে সাহস দেখাতে পারিনি, ৩৬ জুলাইয়ে সেই সাহস দেখিয়েছে তরুণরা। স্বৈরাচারবিরোধী আন্দোলনে বীরের মতো লড়াই করেছে তরুণরা। বাংলাদেশের আন্দোলন সংগ্রামে তরুণদের বিরাট ত্যাগ রয়েছে। তাদের অবদানে এই দেশ এগিয়ে যাবে।’

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহকারী সচিব মো: গোলাম রাজ্জাকের ছেলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ নাসিব হাসান রিয়ানের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ নাসিব হাসান রিয়ানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ‘ছেলেটির এই অকালে শাহাদত কোনোভাবেই মেনে নেয়ার মতো নয়। তার বাবা-মা তাদের সন্তানকে হারিয়েছেন। এই শোক প্রকাশের কোনো ভাষা আমার জানা নেই। সেইসাথে এই অবস্থায় বাবা-মাকে সান্ত্বনা দেয়ার মতো কোনো ভাষা হতে পারে না।’

সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা কেবল শোক প্রকাশ করতে পারি এবং তাদের পাশে থেকে সমবেদনা জানাতে পারি। এই গভীর কষ্ট ও বেদনা কেবল ভুক্তভোগী পরিবারই উপলব্ধি করতে পারছে, অন্য কেউ তা পুরোপুরি অনুভব করতে পারবে না।’

এ সময় শহীদ নাসিব হাসান রিয়ানের রূহের মাগফিরাত ও পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত শহীদ রিয়ানের বাবা মো: গোলাম রাজ্জাককে সান্ত্বনা দেন মন্ত্রী। বাসস