নব্বইকে নাকচ করে জুলাইয়ের বয়ানে আটকে থাকা যাবে না : তথ্যমন্ত্রী

‘ইতিহাসের যে সমস্ত বয়ানকারীরা জুলাই অভ্যুত্থানের মধ্যে আটকে থেকে ৯০-এর আন্দোলনকে নাকচ করতে চান, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ম্লান করতে চান, আমরা সেই ইতিহাসের বিকৃতি কোনোভাবেই হতে দেবো না।’

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন |সংগৃহীত

নব্বইকে নাকচ করে জুলাইয়ের বয়ানে আটকে থাকা যাবে না বলে মন্তব্য করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস লিখতে গেলে ৮০-৯০ এর দশকের ছাত্র গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান–উভয়কেই ধারণ করতে হবে।

তিনি বলেন, ‘ইতিহাসের যে সমস্ত বয়ানকারীরা জুলাই অভ্যুত্থানের মধ্যে আটকে থেকে ৯০-এর আন্দোলনকে নাকচ করতে চান, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ম্লান করতে চান, আমরা সেই ইতিহাসের বিকৃতি কোনোভাবেই হতে দেবো না।’

শনিবার (১৩ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘৮০-৯০ দশক ছাত্র মুভমেন্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র উদ্যোগে ‘তারেক রহমানের ভাবনা আগামীর বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।

ইতিহাসের খণ্ডিত ব্যাখ্যার সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, খণ্ডিত বা অপূর্ণাঙ্গ ইতিহাস কোনো বাজারে চলবে না। কোনো মুদ্রা সচল রাখতে হলে যেমন তার এপিঠ-ওপিঠ দুই পাশেই মার্কা থাকতে হয়, তেমনি বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস পূর্ণাঙ্গ করতে হলে একপাশে যেমন ২৪-এর জুলাই অভ্যুত্থানের কথা বলতে হবে, তেমনি অন্যপাশে ৯০-এর গণঅভ্যুত্থানকেও ধারণ করতে হবে।

তিনি ৮০-৯০ দশক ছাত্র মুভমেন্টের কেন্দ্রীয় কমিটিকে আহ্বান জানিয়ে বলেন, মনগড়া ও অপূর্ণাঙ্গ ব্যাখ্যা নিয়ে যাতে কোনো অর্বাচীন হাজির হতে না পারে, সেজন্য সারাদেশে আন্দোলনের সঠিক ইতিহাস ও প্রকৃত বয়ান তুলে ধরতে হবে।

জহির উদ্দিন স্বপন বলেন, সামরিক স্বৈরাচার এরশাদ ক্ষমতা দখল করার পর তৎকালীন আওয়ামী লীগ নেপথ্যে থেকে তা সমর্থন করেছিল। একইসাথে ১৯৮৬ সালের পাতানো নির্বাচনে অংশ নিয়ে ‘জাতীয় বেঈমান’ খেতাব ধারণ করে স্বৈরাচারকে বৈধতা দিতে চেয়েছিল। একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের আকাঙ্ক্ষা বুঝে সেই নির্বাচন বর্জন করেছিলেন।

তার আপসহীন ভূমিকার কারণে এবং পরবর্তী সময়ে দেশনেত্রীর নির্দেশনায় সর্বদলীয় ছাত্র ঐক্যের চূড়ান্ত আন্দোলনের মুখে ১৯৯০-এর গণঅভ্যুত্থান সফল হয়। সেইসাথে দেশে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন হয়। এই আন্দোলনের মধ্য দিয়েই একজন সাধারণ গৃহবধূ থেকে বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে জাতির সামনে আত্মপ্রকাশ করেন।

তথ্যমন্ত্রী আরো বলেন, ভাষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর গণঅভ্যুত্থান এবং ২৪-এর জুলাই অভ্যুত্থান–সব আন্দোলনেরই মূল সুর একটিই, তা হলো ‘সবার আগে বাংলাদেশ’ এবং ৫৬ হাজার বর্গমাইলের এই ভূখণ্ডে আমাদের একমাত্র পরিচয় ‘আমরা বাংলাদেশী’। শহীদ জিয়ার হাত ধরে আসা এই জাতীয়তাবাদী চেতনার আলোকবর্তিকা এখন তারেক রহমানের হাতে ধাবমান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো: আলী আকবর চুন্নু। সদস্য সচিব এম এ হাশেম রাজুর’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান ছাত্রনেতারা উপস্থিত ছিলেন। বাসস