সংসদ ভবন এলাকায় হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে ডিএমপি’র অভিযান

রাজধানীতে জনবান্ধব, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করতে শব্দদূষণবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক
ডিএমপি’র অভিযান
ডিএমপি’র অভিযান |নয়া দিগন্ত

রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং সড়কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার সকালে ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: আনিছুর রহমান সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউ এলাকায় বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে শব্দদূষণ বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে তিনি বিভিন্ন যানবাহনে অবৈধ হাইড্রোলিক হর্ন, অনুমোদনবিহীন হুটার ও অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী সরঞ্জাম ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। একই সাথে চালক ও মালিকদের অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান এবং শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) বলেন, শব্দদূষণ জনস্বাস্থ্য, পরিবেশ ও নগরজীবনের জন্য একটি বড় হুমকি। তাই রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে ডিএমপির সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চলমান রয়েছে। তিনি সড়কে চলাচলকারী সব যানবাহনের চালক ও মালিককে আইন মেনে চলার এবং অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।

ডিএমপি ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, রাজধানীতে জনবান্ধব, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করতে শব্দদূষণবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।