নিরাপদ কর্মপরিবেশ ও জীবনযাপনযোগ্য মজুরিসহ ১২ দফা দাবি নির্মাণ শ্রমিকদের

রোববার (৩০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা।

নয়া দিগন্ত ডিজিটাল
বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের সংবাদ সম্মেলন
বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত
  • রবিন শেখ

নিরাপদ কর্মপরিবেশ, নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, জীবনযাপন উপযোগী মজুরি এবং দুর্ঘটনায় আহত-নিহত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণসহ ১২ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন (BBCWF)। সংগঠনটির দাবি, দেশের প্রায় ৮০ লাখ নির্মাণ শ্রমিক জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও তাদের বড় একটি অংশ শ্রমিক হিসেবে প্রাপ্য অধিকার ও নিরাপত্তা থেকে বঞ্চিত।

রোববার (৩০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি মো. আব্দুল মতিন বলেন, দেশের নির্মাণ শ্রমিকরা আবাসিক ও বাণিজ্যিক ভবন, রাস্তাঘাট, কালভার্ট, সেতু ও আধুনিক মার্কেট নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অথচ তাদের কর্মক্ষেত্রের নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা এখনও পর্যাপ্ত নয়।

ফেডারেশন নেতারা বলেন, অধিকাংশ ক্ষেত্রে নির্মাণ শ্রমিকদের ন্যূনতম নিরাপত্তা সরঞ্জাম—যেমন সেফটি হেলমেট, সেফটি বেল্ট, বুট ও গ্লাভস—ছাড়াই ঝুঁকিপূর্ণ উচ্চতায় কাজ করতে বাধ্য করে। ফলে কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি বাড়ছে। শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের আইনগত অধিকার নিশ্চিত করার পাশাপাশি মালিকপক্ষের হয়রানি বন্ধেরও দাবি জানান তারা।

দূর্ঘটনায় আহত শ্রমিকরা পর্যাপ্ত চিকিৎসা সহায়তা পান না। এতে তাদের মানবেতর দিন কাটাতে হয়। তাদের সহায়তা নিশ্চিত করার দাবি তুলে ধরেন।

শ্রমিক নেতারা আরো বলেন, শ্রমিকদের সামাজিক নিরাপত্তা ও আবসরকালীন সহায়তার জন্য সরকারি উদ্দ্যগে আবসর কল্যাণ ফান্ড গঠনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে ১২ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—নির্মাণ শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, কর্মক্ষেত্রে জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং জীবনযাপন উপযোগী মজুরি নির্ধারণ।

এ ছাড়া নির্মাণ শ্রমিকদের জন্য সামাজিক নিরাপত্তা ও অবসর সময়ের জন্য সরকারি ব্যবস্থাপনায় আলাদা কল্যাণ ফান্ড গঠন, জেলা ভিত্তিক সরকারি উদ্যোগে বাসস্থানের ব্যবস্থা এবং সারাদেশে কর্মরত নির্মাণ শ্রমিকদের ডাটাবেজের আওতায় আনার দাবি জানানো হয়।

কর্মক্ষেত্রে নিহত ও আহত নির্মাণ শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ, সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা, স্বাস্থ্যগত নিরাপত্তা, ঝুঁকিপূর্ণ কর্মস্থল ও শ্রম আইন বাস্তবায়নে মনিটরিং ব্যবস্থা চালু ও নির্মাণ শ্রমিকদের জন্য জেলা ভিত্তিক সরকারি হাসপাতাল করার দাবিও রয়েছে।

আরও বলা হয়, যেকোনো ধরনের নির্মাণকাজের জন্য সরকারি অনুমোদন বাধ্যতামূলক করতে হবে এবং নির্মাণ ব্যয়ের ১ শতাংশ শ্রমিক কল্যাণ ফান্ডে জমা দিতে হবে। একই সঙ্গে নির্মাণ শ্রমিক-সম্পর্কিত শ্রম আইনের ধারাগুলো সংশোধন করে শ্রমিকবান্ধব আইন প্রণয়ন এবং প্রত্যেক নির্মাণ শ্রমিককে গ্রুপ বিমার আওতায় আনার দাবি জানানো হয়েছে।

১২ দফা দাবি বাস্তবায়নে জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্মাণ শ্রমিকদের মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে ফেডারেশন। আগামী ১৩ সেপ্টেম্বর বেলা ১১টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। মানববন্ধনের পর পর্যায়ক্রমে সারাদেশে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশসহ ধারাবাহিক কর্মসূচি পালনের কথা জানিয়েছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে ফেডারেশনের কার্যকরী সভাপতি আমিরুল হক আমিন, সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসাইনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: নয়া দিগন্তের ইন্টার্ন শিক্ষার্থী।