বিরোধীদলীয় নেতার সাথে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতা বাংলাদেশের সাথে স্পেনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের প্রশংসা করেন এবং বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় স্পেনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

নয়া দিগন্ত অনলাইন
বিরোধীদলীয় নেতা ডা. মো: শফিকুর রহমান ও স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু
বিরোধীদলীয় নেতা ডা. মো: শফিকুর রহমান ও স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু |সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো: শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু।

রোববার তার সংসদ ভবনস্থ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব নেয়ার পর ডা. মো: শফিকুর রহমানের এটিই স্পেনের রাষ্ট্রদূতের সাথে প্রথম সাক্ষাৎ।

বৈঠকে বাংলাদেশে জাতীয় নির্বাচন পরবর্তী দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, জাতীয় বাজেট পাস, বাংলাদেশ ও স্পেনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো গভীর ও বহুমাত্রিক করার লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, প্রত্যাশিত সংস্কার, জুলাই জাতীয় সনদ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ নিয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।

বাজেট বাস্তবায়ন, রোহিঙ্গা ইস্যুর সম্ভাব্য সমাধান ও চ্যালেঞ্জগুলো বৈঠকে গুরুত্বের সাথে আলোচিত হয়। একই সাথে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরো সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় হয়।

বিরোধীদলীয় নেতা বাংলাদেশের সাথে স্পেনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের প্রশংসা করেন এবং বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় স্পেনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সমর্থন অব্যাহত রাখার জন্যও স্পেন সরকারের প্রশংসা করেন তিনি।

বাংলাদেশ ও স্পেনের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরো সুদৃঢ় ও বহুমাত্রিক হবে বলে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন। সূত্র : বাসস