গণমাধ্যমে ভুল সংবাদের পরিসংখ্যান প্রকাশ করল রিউমার স্ক্যানার

গত ছয় মাসে সর্বোচ্চ ২১টি ভুল সংবাদ প্রকাশ করে প্রথম স্থানে রয়েছে দৈনিক ইনকিলাব। ১৯টি ভুল সংবাদ প্রকাশ করে দ্বিতীয় স্থানে দৈনিক ইত্তেফাক এবং ১৪টি ভুল সংবাদ প্রকাশ করে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে দৈনিক যুগান্তর ও বিডি২৪রিপোর্ট।

নয়া দিগন্ত অনলাইন
রিউমার স্ক্যানার
রিউমার স্ক্যানার |সংগৃহীত

গণমাধ্যমে ভুল সংবাদের পরিসংখ্যান প্রকাশ করেছে ফ্যাক্টচেক টিম রিউমার স্ক্যানার।

রিউমার স্ক্যানার জানায়, ১৪৬টি ঘটনায় ১৭৭টি গণমাধ্যমের ৬৮১টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমার স্ক্যানার অনুসন্ধান টিম। চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশীয় গণমাধ্যমে প্রকাশিত ভুল সংবাদের পরিসংখ্যান প্রকাশ করল রিউমার স্ক্যানার।

রিউমার স্ক্যানারের প্রতিবেদনে সবচেয়ে কম ভুল সংবাদের পরিসংখ্যানে রয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

পরিসংখ্যানে বলা হয়েছে, গত ছয় মাসে সর্বোচ্চ ২১টি ভুল সংবাদ প্রকাশ করে প্রথম স্থানে রয়েছে দৈনিক ইনকিলাব। ১৯টি ভুল সংবাদ প্রকাশ করে দ্বিতীয় স্থানে দৈনিক ইত্তেফাক এবং ১৪টি ভুল সংবাদ প্রকাশ করে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে দৈনিক যুগান্তর ও বিডি২৪রিপোর্ট।

রিউমার স্ক্যানার জানায়, গত ছয় মাসে সবচেয়ে কম অর্থাৎ একটি ভুল সংবাদ প্রকাশের তালিকায় রয়েছে, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), প্রথম আলো, বাংলাদেশ টেলিভিশন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, বিবিসি বাংলা, ডয়চে ভেলে, ইউএনবি, বাংলাদেশ বেতার, নিউ এজ, বাংলা স্ট্রিম, বিজয় টিভি, নয়া শতাব্দী, ক্যাম্পাস টাইমস, এশিয়ান টাইমস, আলাপ, বিডি২৪লাইভ, বিবার্তা২৪, এমটিনিউজ২৪, ডেইলি এশিয়ান এইজ, প্রবাস টাইম, প্রতিদিন খবর, নতুন সময়, দৈনিক এইদিন, বিডি মর্নিং, বায়ান্ন টিভি, সুখবর, ভোরের দর্পন, দৈনিক আজাদী, মিডফিল্ড ভিডিও, স্পোর্টসমেইল২৪, নিউ নেশন, বাংলাদেশ জার্নাল, প্রবাস জার্নাল, বাণিজ্য প্রতিদিন, বহুমাত্রিক, খুলনা গেজেট, ইত্তেহাদ নিউজ, ঢাকা এক্সপ্রেস, জনমত, দেশের পত্র।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেয়ায় দায়িত্ব পালন করছে রিউমার স্ক্যানার।

সম্প্রতি রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে জানায়, সর্বোচ্চ ১৩৩টি গুজবের শিকার হয়েছেন তারেক রহমান। দল হিসেবেও সর্বোচ্চ ৩৬০টি গুজবের শিকার বিএনপি। বাসস