বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো: মেহেদী হাসান খান, অধ্যাপক ড. মো: আসলাম হোসেন এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ চৌধুরী।
সোমবার (২৭ জুলাই) বিকেলে ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকালে ইউজিসির সচিব ড. মো: ফখরুল ইসলামের কাছে তারা আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র দাখিল করেন।
এর আগে, গতকাল ২৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশ, ১৯৭৩ (সংশোধিত)-এর ৪(১)(বি) ধারা অনুযায়ী তাদের ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ করা হয়। এ নিয়োগের মেয়াদ চার বছর এবং তা যোগদানের তারিখ থেকে কার্যকর বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
নবনিযুক্ত সদস্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের শিক্ষক অধ্যাপক মো: মেহেদী হাসান খান নিয়োগের আগে বিশ্ববিদ্যালয়টির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করা এই শিক্ষাবিদ ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দেন।
ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো: আসলাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতকোত্তর শেষে জাপানের সাগা মেডিক্যাল স্কুল থেকে মাইক্রোবায়োলজিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি শিক্ষকতা ও গবেষণার সাথে যুক্ত আছেন।
অন্যদিকে, সদস্য হিসেবে নিয়োগের আগে অধ্যাপক ড. নিয়াজ আহমেদ চৌধুরী বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এন্ডোভাসকুলার অ্যান্ড লেজার সার্জারি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
তিনি জাপানের হামামাতসু ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন থেকে ভাসকুলার সার্জারিতে পিএইচডি অর্জন করেন। চিকিৎসা শিক্ষা ও গবেষণায় তার তিন দশকের অধিক অভিজ্ঞতা রয়েছে বলে ইউজিসি জানিয়েছে। বাসস



