রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ২ পুলিশ সদস্য আহত

শেরে বাংলানগর থানার এএসআই মো: মোমিন জানান, ছিনতাইকারীরা অটোরিকশা ছিনতাই করে পালানোর সময় টহলরত পুলিশ সদস্যরা মোটরসাইকেলে তাদের পিছু নেন। এ সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে দুই পুলিশ সদস্যকে আঘাত করে।

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল |সংগৃহীত

রাজধানীর শেরে বাংলানগর থানা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুইজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত দেড়টার দিকে শেরে বাংলানগর থানাধীন জিয়া উদ্যান গ্লাস ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন শেরে বাংলানগর থানার এসআই (নিরস্ত্র) সামসুজ্জোহা (৩৪) এবং পিওএম-এর কনস্টেবল মো. হৃদয় হোসেন (২০)।

শেরে বাংলানগর থানার এএসআই মো: মোমিন জানান, ছিনতাইকারীরা অটোরিকশা ছিনতাই করে পালানোর সময় টহলরত পুলিশ সদস্যরা মোটরসাইকেলে তাদের পিছু নেন। এ সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে দুই পুলিশ সদস্যকে আঘাত করে। পরে আহতদের উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ বক্স ইনচার্জ পরিদর্শক মো: ফারুক জানান, আহত দুই পুলিশ সদস্যকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের দু’জনেরই বাম কাঁধে ছুরিকাঘাত রয়েছে।