সংসদে ধর্মমন্ত্রী

৩৪২ মডেল মসজিদ নির্মাণ সমাপ্ত, ২০২৮ সালের মধ্যে শেষ হবে বাকিগুলোর কাজ

গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মো: মাজেদুর রহমানের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, বর্তমানে দেশে কর্মরত ইমাম ও মুয়াজ্জিনের সুনির্দিষ্ট পরিসংখ্যান সরকারের কাছে নেই। তবে ২০২০ সালের তথ্য অনুযায়ী দেশে ৩ লাখ ৩১ হাজার ১২৫টি মসজিদ রয়েছে। সে হিসাবে ইমাম ও মুয়াজ্জিনের সম্মিলিত সংখ্যা প্রায় ৬ লাখ ৬২ হাজার ২৫০ জন হতে পারে।

সংসদ প্রতিবেদক

নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক সম্মানী প্রদান অব্যাহত রেখেছে সরকার। বর্তমানে ১২ হাজার ৮১০ জন এ কর্মসূচির আওতায় রয়েছেন। একইসাথে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের লক্ষ্যে নেয়া ৫৬৪টি মডেল মসজিদ প্রকল্পের মধ্যে ৩৪২টির নির্মাণকাজ শেষ হয়েছে এবং আরো ১৮৬টির কাজ চলমান রয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বিভিন্ন প্রশ্নের জবাবে এসব তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন (কায়কোবাদ)। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

প্রায় সাড়ে ৬ লাখ ইমাম-মুয়াজ্জিনের সম্ভাব্য হিসাব
গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মো: মাজেদুর রহমানের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, বর্তমানে দেশে কর্মরত ইমাম ও মুয়াজ্জিনের সুনির্দিষ্ট পরিসংখ্যান সরকারের কাছে নেই। তবে ২০২০ সালের তথ্য অনুযায়ী দেশে ৩ লাখ ৩১ হাজার ১২৫টি মসজিদ রয়েছে। সে হিসাবে ইমাম ও মুয়াজ্জিনের সম্মিলিত সংখ্যা প্রায় ৬ লাখ ৬২ হাজার ২৫০ জন হতে পারে।

তিনি জানান, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ বিকাশের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (অষ্টম পর্যায়)’ সারা দেশে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের ডিপিপি সংশোধনের সময় কেন্দ্রের সংখ্যা বৃদ্ধির প্রস্তাব করা হবে।

২০২৮ সালের মধ্যে শেষ হবে মডেল মসজিদ প্রকল্প
সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের লক্ষ্যে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৩৪২টি মসজিদের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে এবং ১৮৬টির কাজ চলমান রয়েছে। অবশিষ্ট মসজিদগুলোর নির্মাণকাজ ২০২৮ সালের জুনের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

নারী ও তরুণদের সম্পৃক্ত করে সচেতনতা কার্যক্রম
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগমের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, নারী ও তরুণদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা এবং জঙ্গিবাদবিরোধী সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, ধর্মীয় নেতা, ইমাম, খতিব, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সহনশীলতা, মানবিক মূল্যবোধ এবং জঙ্গিবাদবিরোধী বার্তা প্রচার করছেন। পাশাপাশি প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা ও উদ্বুদ্ধকরণমূলক কার্যক্রমের মাধ্যমে নারী ও তরুণদের সম্পৃক্ত করা হচ্ছে।

মন্ত্রী আরো জানান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বর্তমানে সারা দেশে ৭ হাজার ৪০০টি মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছে। এ ছাড়া পুরোহিত ও মন্দির পরিচর্যাকারীদের প্রশিক্ষণ কার্যক্রমও বাস্তবায়ন করা হচ্ছে। ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’র ষষ্ঠ পর্যায় আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত চলবে।

তিনি বলেন, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অধীনে বর্তমানে এ ধরনের কোনো প্রকল্প নেই। তবে প্রয়োজন ও বাজেট বরাদ্দের ভিত্তিতে ভবিষ্যতে উদ্যোগ নেয়া হতে পারে।

শিক্ষকদের সম্মানী বাড়বে
ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষকেরা বর্তমানে মাসিক ৬ হাজার টাকা সম্মানী পাচ্ছেন। প্রকল্পের ডিপিপি অনুযায়ী ২০২৯-৩০ অর্থবছরের মধ্যে তা ধাপে ধাপে ৭ হাজার ৫০০ টাকায় উন্নীত করা হবে।

হজযাত্রী কমেছে ৮ হাজার ৬০০
কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালে সৌদি আরবে হজ পালনকারী বাংলাদেশীর সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় ৮ হাজার ৬০০ জন কমেছে। চলতি বছর মোট ৭৮ হাজার ৫০০ জন বাংলাদেশী হজ পালন করেছেন।

১৫১ একরের বেশি ওয়াক্ফ জমি উদ্ধারে উদ্যোগ
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো: আবুল হাসনাতের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ১৯৬২ সালের ওয়াক্ফ অধ্যাদেশের ৬৪ ধারা অনুযায়ী নিবন্ধন, আদালতের কার্যক্রম এবং জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানের মাধ্যমে অনিবন্ধিত ওয়াক্ফ সম্পত্তি পুনরুদ্ধার করা সম্ভব।

তিনি জানান, গত এক বছরে অবৈধ দখলদারদের কাছ থেকে ১৫১ দশমিক ১৭৯৫ একর ওয়াক্ফ জমি পুনরুদ্ধারে উদ্যোগ নেয়া হয়েছে।

তবে তালিকাভুক্ত ওয়াক্ফ সম্পত্তি এবং হিন্দু সম্প্রদায়ের দেবোত্তর সম্পত্তির কতটুকু প্রকৃতপক্ষে উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিসংখ্যান সংসদে উপস্থাপন করা হয়নি।