শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

তারেক রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১২ হাজার কলেজ শিক্ষকের কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছেন। নতুন পাঠ্যক্রমে এআই, ডাটা সায়েন্স, ফ্রিল্যান্সিং ও ডিজিটাল দক্ষতা শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে।

নয়া দিগন্ত অনলাইন
শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান |সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেছেন।

আজ রোববার বেলা ১১ টা ২৫ মিনিটে বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘কর্মমুখী শিক্ষা নেব, বিশ্বজুড়ে কাজ করব’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির উদ্বোধন করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সারাদেশের ১২ হাজার কলেজ শিক্ষককে দক্ষ হিসেবে গড়ে তুলতে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় প্রধানমন্ত্রীকে সম্মাননা স্মারক ও গাছের চারা উপহার দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। এ সময়ে অন্য শিক্ষকরা তার সাথে ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্ম ও জীবনের নানা দিক তুলে ধরে একটি প্রামান্য চিত্র প্রচার করা হয়।

এ সময় ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ।’

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বক্তব্য রাখেন।

নতুন পাঠ্যক্রমে শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং, উদ্যোক্তা উন্নয়ন, ডিজিটাল মার্কেটিং, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং ও ডাটা সায়েন্স বিষয়ে প্রশিক্ষণ পাবে। এসব বিষয়ে পাঠদান নিশ্চিত করতে ইতোমধ্যে ৯০০ মাস্টার ট্রেইনার তৈরি করা হয়েছে। তাদের মাধ্যমে পর্যায়ক্রমে ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হবে।

সূত্র : বাসস