আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়সহ সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়গুলো সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১২ সেপ্টেম্বর) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর সময়সূচি অনুযায়ী কার্যক্রম সম্পন্ন করতে বিশেষ করে মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল গ্রহণ, প্রতীক বরাদ্দসহ গুরুত্বপূর্ণ দিনগুলোতে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয় খোলা রাখতে হবে। এসব দিনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে।
নির্দেশনায় আরো বলা হয়, মনোনয়নপত্র দাখিল ও বাছাই, মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের বিরুদ্ধে নির্বাচন কমিশনে দায়ের করা আপিল নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দসহ সংশ্লিষ্ট কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও এসব কার্যালয় খোলা রাখতে হবে। প্রয়োজন হলে নির্ধারিত অফিস সময়ের পরও কার্যালয় খোলা রাখার ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এতে আরো বলা হয়েছে, মনোনয়নপত্র দাখিল ও প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্ধারিত শেষ দিনে বিকেল ৪টার পর কোনো মনোনয়নপত্র দাখিল বা গ্রহণ করা যাবে না। একইভাবে বিকেল ৪টার পর কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন না।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর।



