পররাষ্ট্রমন্ত্রী

জাতিসঙ্ঘের সভাপতি হয়ে বিশেষ বেনিফিটের সুযোগ নেই, তবে পদটি অত্যন্ত মর্যাদাপূর্ণ

আরমান জানতে চান, পররাষ্ট্রমন্ত্রী জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতি হওয়ায় বাংলাদেশের বিশেষ কোনো আর্থিক বেনিফিট (সুবিধা) বা কোনো বিশেষ তহবিল আনার উদ্যোগ রয়েছে কিনা?

সংসদ প্রতিবেদক
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান |ফাইল ছবি

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতি পদে থেকে বিশ্বের ১৯৩টি দেশের প্রতিনিধি হিসেবে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ঢাকা-১৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

এ সময় সংসদে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

আরমান জানতে চান, পররাষ্ট্রমন্ত্রী জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতি হওয়ায় বাংলাদেশের বিশেষ কোনো আর্থিক বেনিফিট (সুবিধা) বা কোনো বিশেষ তহবিল আনার উদ্যোগ রয়েছে কিনা?

এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী নিরপেক্ষতার কথা তুলে ধরে বলেন, যেভাবে জাতীয় সংসদের স্পিকার দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকল সংসদ সদস্যের স্পিকার হিসেবে সংসদ পরিচালনা করেন, ঠিক তেমনি জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতিও বিশ্বের ১৯৩টি দেশের প্রতিনিধি হিসেবে নিরপেক্ষ ভূমিকা পালন করেন।

তিনি বলেন, এই পদটি নির্দিষ্ট কোনো দেশের জন্য একক সুবিধা আদায়ের মাধ্যম নয়; বরং বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তার স্বার্থে নিরপেক্ষভাবে কাজ করাই এর মূল লক্ষ্য। তাই এই পদে থাকা অবস্থায় ব্যক্তিগত বা দলীয়ভাবে কোনো বিশেষ রাষ্ট্রকে বাড়তি সুবিধা দেয়ার সুযোগ নেই।

পররাষ্ট্রমন্ত্রী সকলকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান এবং দেশের স্বার্থে বিষয়টি অনুধাবনের অনুরোধ করেন। বিশেষ তহবিল বা বেনিফিটের সুযোগ না থাকলেও, বিশ্বসভায় এমন সর্বোচ্চ পদে দায়িত্ব পালন বাংলাদেশের কূটনৈতিক দক্ষতা, যোগ্যতা এবং বিশ্বমঞ্চে অর্জিত অভাবনীয় সুনামেরই এক বিরাট বহিঃপ্রকাশ। বাংলাদেশ পূর্ণ যোগ্যতা ও গর্বের সাথে এই বৈশ্বিক দায়িত্ব পালন করবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বিশ্বের ১৯৩টি সদস্য রাষ্ট্রের সমন্বয়ে গঠিত জাতিসঙ্ঘে সাধারণ পরিষদের সভাপতি পদটি অত্যন্ত মর্যাদাপূর্ণ। অতীতে সমগ্র এশিয়া অঞ্চল থেকে এবং বিশ্বজুড়ে খুব কম দেশই একাধিকবার এ পদে সমাসীন হতে পেরেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ ও বিচক্ষণ নেতৃত্বের প্রতি আস্থাই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে এই ঐতিহাসিক জয় এনে দিয়েছে।