সেন্টার ফর মিডিয়া রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (এমআরটি) উদ্যোগে তিন মাসব্যাপী ‘সাংবাদিকতা প্রশিক্ষণ কোর্স ৩য় ব্যাচ’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) বেলা ১১টায় দৈনিক নয়া দিগন্তের বোর্ডরুমে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই কোর্সের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমআরটির নির্বাহী পরিচালক ও দৈনিক নয়া দিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমআরটির সহ-পরিচালক ও দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজার (এইচআর অ্যান্ড এডমিন) আজহারুল ইসলাম, এজিএম (সার্কুলেশন) মিসবাহ উদ্দিন মির্জা হেলাল, ডিজিটাল হেড মোস্তাফিজুর রহমান, অনলাইন শিফট ইনচার্জ সাবরিনা সোবহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমআরটির কো-অর্ডিনেটর নুরুল ইসলাম সাব্বির।
শুরুতে নতুন ব্যাচের প্রশিক্ষণার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর এমআরটির সাংবাদিকতা প্রশিক্ষণ কোর্সের অভিজ্ঞতা শেয়ার করেন এমআরটির সাবেক প্রশিক্ষণার্থী ও অনলাইন শিফট ইনচার্জ সাবরিনা সোবহান ও এমআরটির দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থী ইয়াসিন আরাফাত রাফি।
প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন মুহাম্মদ বাবর তরুণ ও প্রশিক্ষণার্থী সাংবাদিকদের আগামী দিনে পেশাদারিত্ব এবং সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় এ ধরনের প্রশিক্ষণ কোর্সের গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে মাসুমুর রহমান খলিলী বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই একজন সাংবাদিকের মূল শক্তি। তিন মাসের এই নিবিড় প্রশিক্ষণ প্রশিক্ষণার্থীদের দক্ষ ও যোগ্য সাংবাদিক হিসেবে গড়ে তুলতে কার্যকরী ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতার মৌলিক নীতিমালা, সংবাদ সংগ্রহ ও লেখার কৌশল এবং ডিজিটাল সাংবাদিকতার নানা দিক নিয়ে আলোচনা করেন। শেষে ইউনিমেড ইউনিহেল্থ ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে সবাইকে ব্যাগ, প্যাড, কলম ও রজনীগন্ধা স্টিক উপহার দেয়া হয়। আগামী শুক্রবার থেকে কোর্সটির নিয়মিত ক্লাস শুরু হবে।



