বাংলাদেশ বিমানবাহিনী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে আজ মঙ্গলবার সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশার, বীর উত্তম এবং স্কোয়াড্রন লিডার মফিজুল হকের ৫০তম শাহাদতবার্ষিকী পালন করেছে।
এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার মহান মুক্তিযুদ্ধে ৬ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বের সাথে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা এবং স্বাধীনতা পরবর্তী বিমান বাহিনী গঠনে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ বিমানবাহিনী এই বীর মুক্তিযোদ্ধাকে কৃতজ্ঞচিত্তে ও শ্রদ্ধাভরে স্মরণ করে।
এই সাহসী বৈমানিক ১৯৭৬ সালের ১ সেপ্টেম্বর এক বিমান দুর্ঘটনায় শাহাদতবরণ করেন। দুর্ঘটনায় একইসাথে স্কোয়াড্রন লিডার মফিজুল হকও শাহাদতবরণ করেন।
আজকের এই দিনে, বাংলাদেশ বিমানবাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।মাহফিলগুলোতে বিমানবাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের কর্মকর্তা, বিমানসেনা ও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও, বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার-এ মরহুমদের কবরে ফাতেহা পাঠের আয়োজন করা হয়।



