শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো দেখার আহ্বান ডেপুটি স্পিকারের

‘বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিনামূল্যে পাঠ্যবই, স্কুলব্যাগ ও জুতা বিতরণসহ শিক্ষকদের বেতন-ভাতা এবং পেনশন সুবিধা বৃদ্ধি করেছে। তবে এত সুযোগ-সুবিধার পরও অনেক বিদ্যালয়ে কাঙ্ক্ষিত ফলাফল ও শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।’

নয়া দিগন্ত অনলাইন
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল |সংগৃহীত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষিকাদের মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, নিজেদের সন্তানের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদেরও নিজের সন্তানের মতো যত্ন নিতে হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত ৯৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলমাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে ডেপুটি স্পিকার বলেন, একজন শিক্ষার্থীর সারাজীবনের চিন্তা-চেতনা, মূল্যবোধ ও ব্যক্তিত্ব গঠনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই শিক্ষকদের আরো দায়িত্বশীল, আন্তরিক ও শিক্ষার্থী-কেন্দ্রিক হতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিনামূল্যে পাঠ্যবই, স্কুলব্যাগ ও জুতা বিতরণসহ শিক্ষকদের বেতন-ভাতা এবং পেনশন সুবিধা বৃদ্ধি করেছে। তবে এত সুযোগ-সুবিধার পরও অনেক বিদ্যালয়ে কাঙ্ক্ষিত ফলাফল ও শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘চারতলা বা দোতলা আধুনিক ভবন নির্মাণ করা হলেও যদি শ্রেণিকক্ষে মাত্র চার-পাঁচজন শিক্ষার্থী থাকে, তাহলে সেই উন্নয়নের উদ্দেশ্য পূরণ হয় না।’ তিনি অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার ওপর জোর দেন।

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ছাত্র-জনতা রক্ত দিয়ে দেশের জন্য একটি নতুন পথের সূচনা করেছে। কলমাকান্দার চারজন বীর সন্তানও সেই আন্দোলনে আত্মত্যাগ করেছেন। তাদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা রক্ষা করতে হলে আগামী প্রজন্মকে সুশিক্ষিত, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। এ সময় শিক্ষার্থীরা অষ্টম শ্রেণিতেও বৃত্তি অর্জন এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে সুনাগরিক হিসেবে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো: শামছুজ্জামান আসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক মো: রফিকুল ইসলাম তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: শহীদুল আজম। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করে মালিহা মিলি ও আবিদ হাসান।

উল্লেখ্য, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ কলমাকান্দা উপজেলায় ৫৩ জন ট্যালেন্টপুল এবং ৪১ জন সাধারণ গ্রেডে মোট ৯৪ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। অনুষ্ঠানে তাদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বাসস