খাল খনন, বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে একদিনের সফরে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকাল পৌনে ৯টার দিকে তিনি গুলশানের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রধানমন্ত্রীর সাথে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
কক্সবাজারে পৌঁছে প্রধানমন্ত্রী ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করবেন এবং মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর তিনি পেকুয়া উপজেলায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন।
দিনের কর্মসূচিতে আরো রয়েছে নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনালের সামনে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগদান।
এরপর প্রধানমন্ত্রী মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত পরিদর্শন শেষে সন্ধ্যায় লং বিচ হোটেলে সুধী সমাবেশে অংশ নেবেন। সব কর্মসূচি শেষে তিনি আকাশপথে ঢাকায় ফিরবেন।
দেড় দশকের বেশি সময় লন্ডনে থাকার পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর এটি তার প্রথম কক্সবাজার সফর।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।



