ডিএসসিসি প্রশাসক

মহানবী সা:-এর আদর্শ অনুসরণের বিকল্প নেই

ডিএসসিসি প্রশাসক বলেন, মহানবী সা.-এর আগমন ছিল সারা বিশ্বের জন্য সুসংবাদ। তার আগমনের মাধ্যমেই ইসলাম শান্তি, মানবতা ও সাম্যের ধর্ম হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস সালাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস সালাম |সংগৃহীত

সারা বিশ্বের বর্তমান পরিস্থিতির পরিবর্তন ও মানবতার কল্যাণ নিশ্চিত করতে মহানবী হযরত মুহাম্মদ সা:-এর অনুসৃত নীতি ও আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস সালাম।

বৃহস্পতিবার রাজধানীর চান কমিউনিটি সেন্টারে আহলা দরবার শরীফের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে সেমিনার ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, মহানবী সা:-এর আগমন ছিল সারা বিশ্বের জন্য সুসংবাদ। তার আগমনের মাধ্যমেই ইসলাম শান্তি, মানবতা ও সাম্যের ধর্ম হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, ইসলামকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করা হলেও রাসুলুল্লাহ সা:-এর প্রদর্শিত পথ অনুসরণ করেই পৃথিবীতে কল্যাণ, শান্তি ও সাম্য প্রতিষ্ঠা সম্ভব।

দেশের বর্তমান বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য সমস্যা প্রসঙ্গে আবদুস সালাম বলেন, দীর্ঘদিন ধরে জমে থাকা এসব সঙ্কট নতুন সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। আগের সরকারের আমলের অনিয়ম ও উদাসীনতার কারণেই এসব সমস্যার সৃষ্টি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, এসব সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তবে সরকার পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধানে কাজ করছে।

পুরান ঢাকার বিভিন্ন নাগরিক সমস্যা প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক জলাবদ্ধতার জন্য নাজুক ও ক্ষতিগ্রস্ত ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করেন।

তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে সাময়িক কোনো পদক্ষেপ নিলে হবে না। বৃষ্টির পানি যথাযথভাবে বুড়িগঙ্গায় নিষ্কাশনের জন্য একটি সমন্বিত ও কার্যকর পরিকল্পনা প্রয়োজন।

আবদুস সালাম বলেন, অতীতের অপরিকল্পিত নগরায়ণ এবং খাল, বিল, পুকুর ও খোলা জায়গা দখল করে ভবন নির্মাণের কারণে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে গেছে। পুরান ঢাকার সরু রাস্তা ও ঘনবসতির বাস্তবতা বিবেচনায় নিয়ে নাগরিক সুবিধা নিশ্চিত করতে পরিকল্পনা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে ডিএসসিসি প্রশাসক নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহবান জানান।

তিনি বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।’ সূত্র : ইউএনবি