সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসী কর্মীর লাশ দেশে পৌঁছেছে। গত ৯ আগস্টের ওই অগ্নিকাণ্ডে মোট ১৬ বাংলাদেশী কর্মী নিহত হন। সৌদি কর্তৃপক্ষ ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে নিহত ৯ জনের পরিচয় শনাক্ত করার পর তাদের লাশ বাংলাদেশে পাঠানো হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে লাশগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে লাশ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার সাতজন, নাটোরের নলডাঙ্গা উপজেলার একজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন রয়েছেন। নওগাঁর নিহত সাতজনের মধ্যে একই গ্রামের চারজন এবং দুইজন সহোদর রয়েছেন।
লাশ গ্রহণের পর বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, অগ্নিকাণ্ডে নিহত বাকি সাতজনের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের পরিচয় নিশ্চিত করতে সিআইডির তত্ত্বাবধানে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দ্রুততম সময়ে তাদের লাশও দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চলছে।
তিনি জানান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহত ৯ জনের প্রত্যেক পরিবারকে লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫ হাজার টাকা এবং এককালীন আর্থিক অনুদান হিসেবে ৩ লাখ টাকা দেয়া হবে। অর্থাৎ প্রত্যেক পরিবার মোট ৩ লাখ ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে।
এ ছাড়া নিহতদের লাশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিজস্ব অ্যাম্বুলেন্সে করে সরাসরি তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘কোনো মৃত্যুই কাম্য নয়। আমাদের প্রবাসী ভাইয়েরা বিদেশে গিয়ে অনেক কষ্টের কাজ করে পরিবারের জন্য অর্থ পাঠান।’ তিনি বলেন, নিহত বাকি সাতজনের লাশ দেশে ফিরিয়ে আনতে সৌদি দূতাবাসের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন। তাদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) দেয়ান আলী আশরাফ এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের ডেপুটি চিফ অব মিশন ইব্রাহীম আলাহমারি।



