দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা এড়াতে নৌ-পুলিশের দ্রুত পদক্ষেপ, রক্ষা পেল অর্ধশতাধিক যাত্রী

‘অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি দূরপাল্লার বাস ফেরিতে ওঠার উদ্দেশে পন্টুনের দিকে আসছিল। পন্টুনে নামার আগেই সেখানে দায়িত্বরত দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা বাসটি থামিয়ে যাত্রীদের দ্রুত নেমে যাওয়ার নির্দেশ দেন।’

নয়া দিগন্ত অনলাইন
দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা
দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা |সংগৃহীত

নৌ-পুলিশের সময়োচিত সতর্কতা ও দ্রুত পদক্ষেপের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে এক বাস দুর্ঘটনা থেকে প্রাণ রক্ষা পেয়েছেন অর্ধশতাধিক যাত্রী। আজ সকালে দৌলতদিয়া ঘাটের ৭ নম্বর পন্টুনে এ ঘটনা ঘটে।

শুক্রবার (৫ জুন) নৌ-পুলিশ মিডিয়া শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি দূরপাল্লার বাস ফেরিতে ওঠার উদ্দেশে পন্টুনের দিকে আসছিল। পন্টুনে নামার আগেই সেখানে দায়িত্বরত দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা বাসটি থামিয়ে যাত্রীদের দ্রুত নেমে যাওয়ার নির্দেশ দেন। যাত্রীরা নিরাপদ দূরত্বে সরে যাওয়ার পর বাসের চালক ও হেলপার গাড়িটি নিয়ে ফেরিতে ওঠার চেষ্টা করলে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাসটি নদীতে পড়ে যাওয়ার সাথে সাথে কর্তব্যরত নৌ-পুলিশের সদস্যরা তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করেন এবং বাসের চালক ও হেলপারকে জীবিত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর ঘাটে উপস্থিত যাত্রী ও সাধারণ মানুষ নৌ-পুলিশের সময়োচিত পদক্ষেপের প্রশংসা করেন। বাসস