ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৮৮০ মামলা

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

নয়া দিগন্ত অনলাইন
ডিএমপি
ডিএমপি |সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই হাজার ৮৮০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

শনিবার (১৩ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৭ টি বাস, একটি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩৭টি মোটরসাইকেলসহ মোট ১২০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯টি বাস, নয়টি ট্রাক, দু’টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ১৪৫টি মোটরসাইকেলসহ মোট ২১৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩০টি বাস, পাঁচটি ট্রাক, ৩৭টি কাভার্ডভ্যান, ১৮৭টি সিএনজি ও ৩৫০টি মোটরসাইকেলসহ মোট ৪৮৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৭টি বাস, ১৯টি ট্রাক, ৪৭টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ১৪২টি মোটরসাইকেলসহ মোট ৪১৪টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, চারটি ট্রাক, নয়টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ১১১টি মোটরসাইকেলসহ মোট ২৪৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৫টি বাস, নয়টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৮৯টি সিএনজি ও ৩৯৬টি মোটরসাইকেলসহ মোট ৬২১টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৫০টি বাস, ১১টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৫৪টি সিএনজি ও ১০৯টি মোটরসাইকেলসহ মোট ৩১৮টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৯টি বাস, সাতটি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলসহ মোট ২৬৩টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫৯৮টি গাড়ি ডাম্পিং ও ৪০০টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। বাসস