জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন এবং প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমান্ডার এম এম লাল মিয়া বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীন দেশের ৪৯৫টি উপজেলার ৪ হাজার ৫৭৮টি ইউনিয়ন পরিষদে প্রায় ৪৫ হাজার ৮১০ জন গ্রাম পুলিশ সদস্য কর্মরত রয়েছেন। সরকারি পোশাক পরে বিভিন্ন দায়িত্ব পালন করলেও তারা মাসিক মাত্র ৭ হাজার ৫০০ টাকা ভাতা পান, যা বর্তমান জীবনযাত্রার ব্যয়ের তুলনায় অত্যন্ত অপ্রতুল।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বল্প আয়ের কারণে অনেক গ্রাম পুলিশ সদস্য পরিবার পরিচালনা, সন্তানদের শিক্ষা এবং বয়স্ক অভিভাবকদের ভরণপোষণে চরম দুর্ভোগের মুখে পড়ছেন।
তারা আরো বলেন, ২০১১ সালের গেজেট এবং উচ্চ আদালতের রায়ের আলোকে গ্রাম পুলিশ সদস্যদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে গ্রাম পুলিশকে জাতীয় বেতন স্কেলের আওতায় অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।
মানববন্ধনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শতাধিক গ্রাম পুলিশ সদস্য অংশ নেন।



