সমাজকল্যাণমন্ত্রীর সাথে ফরাসি রাষ্ট্রদূতের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নারীর ক্ষমতায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের বৃহত্তর লিঙ্গ-সমতা নীতির অংশ হিসেবে নারীদের নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে শারলে সমাজকল্যাণমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন
ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে শারলে সমাজকল্যাণমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন |সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে শারলে আজ মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো: জাহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে নারীর ক্ষমতায়ন, শিশুকল্যাণ ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদার, নারীর অধিকার, নারী ও শিশুর টেকসই উন্নয়ন, বাল্যবিয়ে প্রতিরোধ, ফ্যামিলি কার্ড কর্মসূচি, এমসিবিপি, মিড-ডে মিল কর্মসূচি এবং সন্ত্রাসবাদ দমনে সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন বলেন, ফ্রান্স বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। স্বাধীনতার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে ফ্রান্সের অব্যাহত সহযোগিতার জন্য তিনি দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নারীর ক্ষমতায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের বৃহত্তর লিঙ্গ-সমতা নীতির অংশ হিসেবে নারীদের নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হচ্ছে।

মন্ত্রী বলেন, সরকার নারীদের জন্য স্নাতক পর্যায় পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছে। এর ফলে উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ যেমন বেড়েছে, তেমনি কর্মক্ষেত্রেও তাদের সম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে। কর্মজীবী মায়েদের সহায়তায় দেশব্যাপী ডে-কেয়ার সেন্টারের সংখ্যা বাড়ানো হচ্ছে বলেও তিনি জানান।

এ সময় ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে নারীর ক্ষমতায়ন, লিঙ্গ-সমতা প্রতিষ্ঠা এবং শিশু সুরক্ষায় বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি এবং প্রান্তিক নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের উদ্যোগগুলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি নারীর দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ এবং জলবায়ু-সহনশীল জনগোষ্ঠী গড়ে তোলার ক্ষেত্রে ফ্রান্সের কারিগরি ও উন্নয়ন সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন।

বৈঠকে মন্ত্রী ফ্রান্সে প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশী নারী কেয়ারগিভারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বাংলাদেশী নারীদের তৈরি হস্তশিল্প পণ্যের রফতানি সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে ফরাসি রাষ্ট্রদূত ইতিবাচক সাড়া দেন।

আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠেয় নারীবাদভিত্তিক পররাষ্ট্রনীতি সম্মেলনে অংশ নেয়ার জন্য মন্ত্রী জাহিদ হোসেনকে আমন্ত্রণ জানান ফরাসি রাষ্ট্রদূত। বাসস