সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি প্রকাশে নিষেধাজ্ঞা

সরকারি অনুষ্ঠানে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্যে ও বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।

অনলাইন প্রতিবেদক
মন্ত্রিপরিষদ বিভাগ
মন্ত্রিপরিষদ বিভাগ |ইন্টারনেট

সরকারি অনুষ্ঠানে ব্যানার-ফেস্টুন-বিলবোর্ডে ‘প্রধানমন্ত্রীর ছবি’ প্রকাশ করা যাবে না। এই ব্যাপারে নিষেধাজ্ঞার আরোপ করেছে সরকার।

আজ রোববার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই বিষয়ে পরিপত্র জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি (থ্রি ডি বা অন্য কোনো আঙ্গিকে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো।

এতে আরো বলা হয়, সরকারি অনুষ্ঠানে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্যে ও বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। পরিপত্রটি গুরুত্বপূর্ণ বিধায় অবিলম্বে কার্যকর হবে।

আজ সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে আসার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দেখতে পান সড়কে একটি মন্ত্রণালয়ের আয়োজিত কর্মসূচি উপলক্ষে ব্যানার-ফেস্টুনে নিজের ছবি প্রদর্শিত হচ্ছে। পরে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দফতরে এসে মন্ত্রিপরিষদ সচিবকে ডেকে এই নিদের্শনা দেন।