ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন : মঈন খান

‘পবিত্র ঈদে মিলাদুন্নবী সারাবিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত একটি দিন। মহানবী হযরত মুহাম্মদ সা: তাঁর জীবদ্দশায় মানুষের কল্যাণে যে কাজগুলো করেছেন এবং বিশ্ব মানবতার শান্তির জন্য যে নির্দেশনা দিয়েছেন, আমরা সেসব নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করতে চাই।’

নয়া দিগন্ত অনলাইন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান |ফাইল ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ইসলামের মহান আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনা ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা তিনি একে একে বাস্তবায়ন করছেন।

তিনি বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী সারাবিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত একটি দিন। মহানবী হযরত মুহাম্মদ সা: তাঁর জীবদ্দশায় মানুষের কল্যাণে যে কাজগুলো করেছেন এবং বিশ্ব মানবতার শান্তির জন্য যে নির্দেশনা দিয়েছেন, আমরা সেসব নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করতে চাই।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, ইসলামের শিক্ষা অনুসরণ করার জন্য পবিত্র কোরআনের পাশাপাশি হাদিসও আমাদের অনুসরণ করতে হবে। আর এটাই ইসলামের মূল শিক্ষা ও আদর্শ।

তিনি আরো বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে যে ওয়াদা করেছেন, তা তিনি একে একে বাস্তবায়ন করে চলেছেন।

পলাশ উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিলটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. আবদুল মঈন খানের সহধর্মিণী ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, পলাশ থানা বিএনপির সিনিয়র সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাসহ আরো অনেকে। বাসস