আড়াই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ট্রেনটি ফেনী স্টেশনে পৌঁছানোর পর ইঞ্জিনের মোটরে একটি যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এক পর্যায়ে মোটরে আগুন লাগার মতো লক্ষণ দেখা দিলে কর্তৃপক্ষ ট্রেনটিকে স্টেশনের ডাউন লাইনে থামিয়ে দিতে বাধ্য হয়।

নয়া দিগন্ত অনলাইন
ফেনী জংশন
ফেনী জংশন |ইন্টারনেট

ফেনী রেলওয়ে স্টেশনে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ঢাকা-চট্টগ্রাম রুটে প্রায় আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত হয়। এর ফলে কমপক্ষে আট শ’ যাত্রী আটকা পড়েন।

শনিবার সকাল ৮টা ২২ মিনিটের দিকে ট্রেনটি ফেনী জংশনে প্রবেশের সময় ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

রেলওয়ে সূত্রের বরাতে ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মো: হারুন জানান, চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টা ২২ মিনিটে ফেনী জংশনে প্রবেশ করে। এ সময় ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

রেলওয়ে কর্মকর্তাদের তথ্যমতে, ট্রেনটি ফেনী স্টেশনে পৌঁছানোর পর ইঞ্জিনের মোটরে একটি যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এক পর্যায়ে মোটরে আগুন লাগার মতো লক্ষণ দেখা দিলে কর্তৃপক্ষ ট্রেনটিকে স্টেশনের ডাউন লাইনে থামিয়ে দিতে বাধ্য হয়।

দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় নারী, শিশু এবং বয়স্ক যাত্রীসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। অনেক যাত্রী ট্রেন থেকে নেমে বিকল্প পরিবহনের খোঁজ করেন।

লাকসাম থেকে চট্টগ্রামগামী যাত্রী এনামুল হক জানান, তিনি সকাল ৭টা ১৫ মিনিটে ট্রেনে উঠেছিলেন এবং ফেনী স্টেশনে আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষা করছেন। তবে অনেক যাত্রীই সড়কপথে তাদের যাত্রা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন।

স্টেশন মাস্টার হারুন জানান, ইঞ্জিনের ত্রুটি মেরামত এবং ইঞ্জিন প্রতিস্থাপনের পর ট্রেনটি পুনরায় চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে।

সূত্র : ইউএনবি