ট্রেনে পাথর ছোড়া বন্ধে করণীয় বিষয়ে শায়খ আহমাদুল্লাহর নির্দেশনা

পোস্টের শেষাংশে শায়খ আহমাদুল্লাহ বলেন, রেল তুলনামূলকভাবে নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াতের মাধ্যম। তাই লাখো যাত্রীর নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে রেলপথকে নিরাপদ ও নির্বিঘ্ন করা এখন সময়ের অন্যতম দাবি।

নয়া দিগন্ত অনলাইন
জনপ্রিয় ইসলামী আলোচক ও দাতব্য সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ
জনপ্রিয় ইসলামী আলোচক ও দাতব্য সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ |ফাইল ছবি

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের মতো ভয়াবহ ও অমানবিক ঘটনা বন্ধে সরকার, আলেম-উলামা এবং সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক ও দাতব্য সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘এই দেশে পাথর ছুড়ে অন্ধ করে দেয়াও কিছু মানুষের কাছে বিনোদন! কী ভয়ানক অসুস্থ সমাজে বসবাস করছি আমরা।’

তিনি বলেন, চলন্ত ট্রেনে প্রায়ই পাথর নিক্ষেপের ঘটনায় যাত্রীরা গুরুতর আহত হচ্ছেন, এমনকি অনেকে দৃষ্টিশক্তিও হারাচ্ছেন। এসব অমানবিক অপরাধে জড়িতদের অধিকাংশই ঝরে পড়া কিশোর বলে উল্লেখ করেন তিনি।

এ পরিস্থিতি মোকাবেলায় শায়খ আহমাদুল্লাহ সরকারের প্রতি রেলপথে নিরাপত্তা জোরদার, ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে নজরদারি বৃদ্ধি, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং ঝরে পড়া শিশু-কিশোরদের শিক্ষা ও পুনর্বাসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

তিনি আরো বলেন, রেললাইনের পাশের মসজিদগুলোর ইমাম, আলেম-উলামা এবং সচেতন নাগরিক সমাজকে এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে হবে। প্রয়োজন হলে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে উদ্যমী তরুণদের উদ্যোগে মাঝে মাঝে পাহারার ব্যবস্থাও করা যেতে পারে।

পোস্টের শেষাংশে শায়খ আহমাদুল্লাহ বলেন, রেল তুলনামূলকভাবে নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াতের মাধ্যম। তাই লাখো যাত্রীর নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে রেলপথকে নিরাপদ ও নির্বিঘ্ন করা এখন সময়ের অন্যতম দাবি।