রাজধানীর উত্তরায় প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে এক ডেভেলপার প্রতিষ্ঠানের কর্মীর কাছ থেকে ২ লাখ ১ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ সড়কে ডেলিসিয়াস কফি শপের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নূর নাফি ডেভেলপারস লিমিটেডের সহকারী হিসাবরক্ষক নাদিম আহমেদ সুজন ১১ নম্বর সেক্টরের অফিস থেকে রিকশায় উত্তরা ৬ নম্বর সেক্টরের জনতা ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন। পথে সোনারগাঁও জনপদ সড়কে ডেলিসিয়াস কফি শপের সামনে পৌঁছালে এক ব্যক্তি রিকশা থামানোর সঙ্কেত দেন।
রিকশা থামানোর পর আরো তিন ব্যক্তি সেখানে আসে। এ সময় তাদের একজন নাদিম আহমেদের দিকে পিস্তল তাক করে নিজেকে ‘পিস্তল বাবু’ পরিচয় দেন। পরে তার সাথে থাকা ২ লাখ ১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
এ বিষয়ে নূর নাফি ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনির হোসেন বলেন, অফিস থেকে টাকা নিয়ে রাজউকের ফি জমা দিতে উত্তরা ৬ নম্বর সেক্টরের জনতা ব্যাংকে যাওয়ার পথে সুজন ছিনতাইয়ের শিকার হন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।



