সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা সফল হবে না : বাণিজ্যমন্ত্রী

‘বাংলাদেশের মতো সাম্প্রতিক সম্প্রীতির দেশ পৃথিবীর বুকে আর দ্বিতীয়টা নাই, এটাই বাস্তব। বর্তমানে দেশে সাম্প্রদায়িক বিভেদ নাই কিন্তু একটি গোষ্ঠী মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। এতে লাভ হবে না।’

নয়া দিগন্ত অনলাইন
বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির |সংগৃহীত

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি নষ্ট করতে কোনো অপশক্তির চেষ্টা সফল হবে না।

তিনি বলেন, বাংলাদেশের মতো সাম্প্রতিক সম্প্রীতির দেশ পৃথিবীর বুকে আর দ্বিতীয়টা নাই, এটাই বাস্তব। বর্তমানে দেশে সাম্প্রদায়িক বিভেদ নাই কিন্তু একটি গোষ্ঠী মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। এতে লাভ হবে না।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর স্বামীবাগ মন্দিরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, একটি বিশেষ গোষ্ঠী বিভিন্ন সময় দেশে সাম্প্রদায়িক অসম্প্রীতির ধোঁয়া তোলার চেষ্টা করেছে। মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে সফল হবে না।

তিনি বলেন, বর্তমান সরকারের একটাই উদ্দেশ্য দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন করা। সরকার মসজিদ, মন্দির, গির্জা ও পেগোডা সংস্কারের জন্য আন্তরিক।

ইসকন স্বামীবাগ মন্দিরের সভাপতি ভক্তিময়ী নিতাই স্বামী মহারাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার প্রমুখ।

প্রতিমন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন ধর্মীয় উৎসবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হতো। বর্তমান সরকারের সময় সেটি নেই। রাষ্ট্রের সবাই তাদের মর্যাদা নিয়ে বসবাস করবে। শান্তিতে যার যার ধর্মীয় অনুষ্ঠান পালন করবে। এটিই বর্তমান সরকারের লক্ষ্য।

বিজন কান্তি সরকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবাই মিলে দেশ গড়তে হবে। এখানে কোনো বিভেদ থাকবে না। দেশের প্রতিটি মানুষ শান্তিতে বসবাস করবে। সবাই মিলে সরকারকে সহায়তা করতে হবে। বাসস