শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের এমনভাবে কাজ করতে হবে যেন তারা শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করেন। শিক্ষার্থীদের নিজেদের সন্তানের মতো করেই শিক্ষা দিতে হবে। তাদেরকে নৈতিক মূল্যবোধের সাথে গড়ে তুলতে হবে। এজন্য প্রধানমন্ত্রী পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ প্রভৃতির ওপর গুরুত্ব দিয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর মিরপুরে পিটিআই মিলনায়তনে অধিকতর মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে কর্মকর্তাদের করণীয় বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি প্রাথমিক শিক্ষার উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। এছাড়া, শিক্ষকদের দক্ষতা উন্নয়নে আরো উন্নত প্রশিক্ষণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
নতুন প্রজন্মকে নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন বলেন, আমাদের তরুণ প্রজন্ম অনেক সময় বিপথগামী হয়ে যায়। লেখাপড়া ছেড়ে দিয়ে মোবাইল ও মাদকাসক্ত হয়ে পড়ে। এজন্য প্রধানমন্ত্রীও লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছেন। তাদের আনন্দময় শিক্ষা এবং খেলাধুলার মধ্য দিয়ে ফিরিয়ে আনতে হবে। এজন্য আমরা সারা দেশব্যাপী প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি গ্রহণ করছি। আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী চট্টগ্রাম থেকে এর উদ্বোধন করার কথা রয়েছে।
মন্ত্রী আরো বলেন, স্কুলের প্রতি বাচ্চাদের আকৃষ্ট করতে সরকার বিনামূল্যে স্কুল ড্রেস দিতে যাচ্ছে। এছাড়া, মিডডে মিলসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তরুণ প্রজন্মের উন্নয়ন ছাড়া আগামীর বাংলাদেশ গড়া সম্ভব না। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘সামনের দিনে প্রাথমিক কর্মকর্তাদের দায়িত্ব বাড়ানো হবে, সাথে সুবিধাও বাড়ানো হবে। আগামী দিনে বেসরকারি স্কুলও আপনাদের নজরদারিতে আসবে।’
অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রাথমিক স্কুলের বিদ্যমান নানা সমস্যা তুলে ধরেন।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীর উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো: সাখাওয়াৎ হোসেন। বাসস



