রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় দীর্ঘসময় অপেক্ষমাণ বাসগুলো পূর্বাচলের অস্থায়ী বাস ডিপোতে স্থানান্তরে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার দুপুরে যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফেরানো ও যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো: আনিছুর রহমান। তিনি অভিযানস্থল পরিদর্শন করেন এবং টার্মিনাল এলাকায় অপেক্ষমাণ বাসগুলো স্থানান্তর কার্যক্রম তদারকি করেন।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো: আনিছুর রহমান জানান, টার্মিনাল এলাকায় দীর্ঘসময় অপেক্ষমাণ ও গ্যাপের গাড়িগুলো ধাপে ধাপে পূর্বাচলের অস্থায়ী বাস ডিপোতে স্থানান্তর করা হচ্ছে। ইতোমধ্যে নির্ধারিত সংখ্যক গাড়ি সরিয়ে নেয়া হয়েছে। অবশিষ্ট গাড়িগুলোও পর্যায়ক্রমে স্থানান্তর করা হবে।
তিনি বলেন, টার্মিনাল এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করাই এ অভিযানের মূল উদ্দেশ্য। পূর্বাচলের অস্থায়ী ডিপোতে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্র জানায়, অভিযান চলাকালে যানজট নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বাস মালিক ও চালকদের নির্দেশনা অনুযায়ী অপেক্ষমাণ গাড়িগুলো মহাখালী টার্মিনাল থেকে সরিয়ে পূর্বাচল ডিপোতে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।



