পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বাংলাদেশে একজন মুসলমান সরকারের কাছ থেকে যে সুযোগ-সুবিধা পাবেন, ঠিক তদ্রূপ সুযোগ-সুবিধা সনাতন ধর্মাবলম্বীরাও পাবেন।
একইসাথে তিনি সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন, ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক ও পারিবারিক জীবনের সব সমস্যা সমাধানে সরকার চেষ্টা করবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে পঞ্চগড় পৌরসভার চাঁনপাড়া মন্দিরে রথযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার অসাম্প্রদায়িক সরকার। আমরা সব ধর্মকে সম্মান করি, সব ধর্মের মানুষকে ধারণ করি। ধর্ম যার যার, বাংলাদেশ সবার—এই স্লোগানকে সামনে রেখে সরকার আগামীতে এগিয়ে যাবে।
এ সময় পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা: শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইমসহ বিএনপির নেতাকর্মীরা এবং সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষেরা উপস্থিত ছিলেন। পরে চাঁনপাড়া মন্দির থেকে একটি রথযাত্রা বের করা হয়। বাসস



