বন্যায় চট্টগ্রামের ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মানবিক ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানায়, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমানের উদ্যোগে এবং ভারপ্রাপ্ত সহ-সভাপতি এনামুল আজিজ চৌধুরীর তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমের অংশ হিসেবে গত ১৪ ও ১৬ জুলাই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো: শওকত আলী এবং চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো: মাসুদ আলমের কাছে ৪০০ বস্তা ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়। এসব ত্রাণসামগ্রী দ্রুত বন্যাকবলিত মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
ত্রাণসামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে বিজিএমইএর ভারপ্রাপ্ত সহ-সভাপতি এনামুল আজিজ চৌধুরী, পরিচালক ও সাবেক প্রথম সহ-সভাপতি এস. এম. আবু তৈয়ব, পরিচালক এমডি. এম. মহিউদ্দিন চৌধুরী, সাবেক পরিচালক খন্দকার বেলায়েত হোসেন এবং সংগঠনের বিভিন্ন স্থায়ী কমিটির চেয়ারম্যান ওদুদ মোহাম্মদ চৌধুরী, কাজী মো: শফিকুল ইসলাম (টিটু), আরশাদ-উর-রহমান, রিয়াজ ওয়ায়েজ ও বশির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এ ছাড়া সিএমপি, জেলা পুলিশ এবং বিজিএমইএর ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।
ত্রাণ গ্রহণকালে সিএমপি কমিশনার হাসান মো: শওকত আলী এবং পুলিশ সুপার মো: মাসুদ আলম বিজিএমইএর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, ত্রাণসামগ্রী দ্রুত, সুষ্ঠু ও স্বচ্ছভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে পৌঁছে দেয়া হবে।
এর আগে গত ১৫ জুলাই বিজিএমইএর বিভিন্ন স্থায়ী কমিটির চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত সহস্রাধিক পরিবারের মধ্যে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন।
বিজিএমইএর নেতারা বলেন, দেশের যেকোনো দুর্যোগ ও সঙ্কটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সংগঠনের নৈতিক ও সামাজিক দায়িত্ব। তারা দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সংগঠনটি জানায়, তৈরি পোশাক শিল্পের উন্নয়নের পাশাপাশি সামাজিক ও মানবিক দায়িত্ব পালনে বিজিএমইএ ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সঙ্কটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে। সূত্র : বাসস



