সন্ত্রাসবিরোধী আইনের মামলা

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতা অজিত রিমান্ডে

আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নয়া দিগন্ত অনলাইন
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা |সংগৃহীত

মহানগর দায়রা জজ আদালত ভবনের ক্যান্টিন গেটের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে মিছিল করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোতোয়ালি থানার বন ও পরিবেশবিষয়ক সম্পাদক অজিত ঘোষ কানাইয়ের (৬২) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১২ সেপ্টেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, শুক্রবার ঢাকার কোতোয়ালি থানাধীন গোয়ালনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৬ জুলাই মহানগর দায়রা জজ আদালত ভবনের ক্যান্টিন গেটের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ও সমর্থকসহ অজ্ঞাত পরিচয় ১০০ থেকে ১৫০ জন সমবেত হয়। ওই দিন আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে করা একটি মামলায় অভিযোগ গঠন এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ অন্যদের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি ছিল।

এসব কার্যক্রমকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনায় তারা সেখানে জড়ো হয়েছিল। সমবেত ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে সরকারবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেন।

এ ঘটনায় কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়। বাসস