ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যুতে ৩ জন রিমান্ডে

আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নয়া দিগন্ত অনলাইন
শিক্ষিকা রনজিনা পারভীন রুলির মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেফতার তিনজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
শিক্ষিকা রনজিনা পারভীন রুলির মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেফতার তিনজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত |সংগৃহীত

রাজধানীর ‎জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে হেচকা টান দিলে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন রুলির (৫৫) মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেফতার তিনজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডকৃতরা হলেন মো: পনি ওরফে প্যারা পনি, সেড্রিক জুলিয়ান ও রাকিব হোসেন।

সোমবার (৩১ আগস্ট) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, শনিবার রাতে তাদের গ্রেফতার করে র‌্যাব। গত শুক্রবার রাতে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বগুড়া থেকে স্বামী আব্দুল মতিনের সাথে ঢাকায় আসেন। শনিবার (২৯ আগস্ট) ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে রিকশায় করে স্বামীর সাথে তিনি ফার্মগেটের ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চোখের চিকিৎসার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে আসতেই একটি মোটরসাইকেলে এসে রিকশার পেছন থেকে ব্যাগ ধরে হেচকা টান দেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় তিনি রিকশা থেকে নিচে পড়ে যান। তার মাথা ফেটে যায়। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত শিক্ষিকার স্বামী শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৪/৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। বাসস