উগ্রবাদী কর্মকাণ্ডে (ফাতাহ কমব্যাট সিস্টেম) সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার তাহসীন ইসলাম (১৯) নামের এক তরুণকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক এ বি সিদ্দিক আসামি তাহসীনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আজ শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। একইসাথে জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
যাত্রাবাড়ী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মাসুম বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ‘ফাতাহ কমব্যাট’র সাথে জড়িত অন্য সদস্যদের চিহ্নিত করা এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এর আগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ নিজ বাড়ি থেকে তাহসীনকে আটক করে। অভিযানের সময় তার ঘর তল্লাশি করে একটি চাপাতি ও তারসহ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহসীন আলোচিত ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’ নামের একটি সংগঠনের সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।
সূত্র : বাসস



