রাজধানীর যাত্রাবাড়ীতে চাঁদার দাবিতে অটোরিকশা গ্যারেজে ঢুকে সাগর খান ওরফে ইমরান (৩৮) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতারকৃত তিনজনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ডে নেয়া আসামিরা হলেন রিয়াজুল ইসলাম রিয়াজ ওরফে কালিয়া রিয়াজ (৩১), মো: কামরুল হাসান (২৫) ও মো: সাইফুল হোসেন (২০)।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ বুধবার তাদের হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
যাত্রাবাড়ী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মহিউদ্দিন এ কথা জানান।
মামলার অভিযোগ থেকে জানা যায়, দুই লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে প্রধান আসামি রিয়াজুল ইসলাম রিয়াজ ও কামরুল হাসানের সাথে নিহত সাগর খানের বিরোধ চলছিল।
এর জেরে গত ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে রিয়াজ ও কামরুলসহ কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে ইমরানের গ্যারেজে চড়াও হয়।
এ সময় গ্যারেজের ভেতরে ঢুকে তারা এলোপাতাড়ি গুলি ছোড়েন। এক পর্যায়ে রিয়াজ পেছন থেকে ইমরানের মাথায় গুলি করলে তিনি লুটিয়ে পড়েন। বাধা দিতে গেলে ইমরানের বন্ধু সাদ্দামকে মারধর করা হয়। সাদ্দাম পালানোর চেষ্টা করলে রিয়াজ তার বাম পায়ে গুলি করে এবং অন্য আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন। আহত সাদ্দামকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ৭ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত ইমরানের স্ত্রী।
সূত্র : বাসস


