একজন সফল আইনজীবী হিসেবে গড়ে উঠতে কেবল আইনি গ্রন্থের পাঠ যথেষ্ট নয়; সংশ্লিষ্ট মামলার তথ্য-উপাত্ত, তদন্ত প্রক্রিয়া, সাক্ষ্য-প্রমাণ ও পারিপার্শ্বিক জটিলতা গভীরভাবে অনুধাবন করা জরুরি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম।
শনিবার (২৯ আগস্ট) ঢাকার অদূরে আশুলিয়া মডেল টাউনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির ‘ল ক্লাব’ আয়োজিত ‘দ্য আর্ট অব ক্রস এক্সামিনেশন’ শীর্ষক ক্রিমিনাল ট্রায়াল অ্যাডভোকেসি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ আমিনুল ইসলাম উল্লেখ করেন, যুক্তিবোধ, অনুসন্ধিৎসা, পেশাগত দক্ষতা এবং কঠোর নৈতিকতার সমন্বয়ই একজন আইনজীবীর প্রকৃত ভিত্তি তৈরি করে।
তিনি বলেন, ‘জেরা বা ক্রস-এক্সামিনেশনের জন্য নির্দিষ্ট কোনো একক সূত্র নেই। একজন দক্ষ ট্রায়াল আইনজীবীকে সংশ্লিষ্ট আইনের ওপর দখল রাখার পাশাপাশি তদন্তের ভুল-ত্রুটি ও সাক্ষ্যের অসঙ্গতি খুঁজে বের করার সক্ষমতা অর্জন করতে হবে।’
অনুষ্ঠানের শুরুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব যৌথভাবে প্রতিষ্ঠানের নবনির্মিত ‘মুট কোর্ট’ উদ্বোধন করেন।
পরবর্তী সময়ে আইন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মক ট্রায়াল (অনুকরণীয় বিচারিক মহড়া) অনুষ্ঠিত হয়। প্রিজাইডিং জজ হিসেবে ওই ট্রায়াল পর্যবেক্ষণ শেষে প্রধান প্রসিকিউটর শিক্ষার্থীদের আইনি যুক্তি, সাক্ষী জেরা ও মামলা পরিচালনার ভুল-ত্রুটি চিহ্নিত করে দিকনির্দেশনা প্রদান করেন।
প্রসিকিউটর ইসলাম শিক্ষার্থীদের কেবল একাডেমিক পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে বাস্তব অভিজ্ঞতা অর্জনে নিয়মিত আদালত কক্ষের কার্যপ্রণালী পর্যবেক্ষণের পরামর্শ দেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ও মানারাত ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব।
আইন পেশাকে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার অন্যতম মূল স্তম্ভ অভিহিত করে অধ্যাপক রব বলেন, ‘শিক্ষার্থীদের গভীর আইনি জ্ঞানের পাশাপাশি সততা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ ধারণ করতে হবে, যাতে তারা সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মার্জিনা রায়হান (মদিনা), প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল আমিন, প্রসিকিউটর শাইখ মাহদী এবং প্রসিকিউটর এস এম তাসমিরুল ইসলাম উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন আইন বিভাগের প্রধান আবদুল্লাহ হিল গনি।
কর্মশালা শেষে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার প্রস্তুতিমূলক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় এবং অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।



