দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩০৬ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ৬৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৮ জন, খুলনা বিভাগে ৩৮ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে ১৩ জন এবং রংপুর বিভাগে ২৩ জন রয়েছেন।
চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নয় হাজার ৬৭৬ জন। এর মধ্যে ৬১ দশমিক এক শতাংশ পুরুষ ও ৩৮ দশমিক নয় শতাংশ নারী।
গত ২৪ ঘণ্টায় দু’জনসহ চলতি বছরে ডেঙ্গুতে মোট ৩২ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরে এ পর্যন্ত মোট আট হাজার ৭৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়। বাসস



