রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার আদ্-দ্বীন ফাউন্ডেশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ মে ছয় নবজাতকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় সাময়িকভাবে কিছু সেবা কার্যক্রম ব্যাহত হলেও বর্তমানে বহির্বিভাগ, অন্তঃবিভাগ, জরুরি বিভাগসহ সব ধরনের চিকিৎসাসেবা ২৪ ঘণ্টা স্বাভাবিকভাবে চালু রয়েছে।
কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের বহির্বিভাগে ১ হাজার ৩৯ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। একই সময়ে ৭১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং ২৫টি প্রসব সম্পন্ন হয়েছে। স্বাভাবিক সময়ে হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন প্রায় দুই হাজার রোগী সেবা নেন। এর মধ্যে প্রায় ২০০ জন গর্ভবতী মা চিকিৎসাসেবা গ্রহণ করেন। এছাড়া প্রতিদিন গড়ে ৬০ থেকে ৮০টি প্রসব সম্পন্ন হয়।
আদ্-দ্বীন হাসপাতাল ১৯৯৭ সাল থেকে তুলনামূলক কম খরচে মানসম্মত চিকিৎসাসেবা দিয়ে আসছে। বর্তমানে ঢাকা, খুলনা, যশোর ও কুষ্টিয়ায় পাঁচটি মেডিক্যাল কলেজ এবং নয়টি হাসপাতালের মাধ্যমে প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আইসিইউ, এনআইসিইউ, সিসিইউ ও ডায়ালাইসিস ইউনিটে সংক্রমণ প্রতিরোধে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়।
আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন বলেন, আদ্-দ্বীন একটি অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান। মগবাজারের ৭০০ শয্যার হাসপাতালটিতে ৩০০টি শয্যা বিনামূল্যে রোগীদের জন্য বরাদ্দ রয়েছে। এসব শয্যায় থাকা রোগীদের থাকা-খাওয়ার ব্যবস্থাও বিনামূল্যে করা হয়। তিনি বলেন, সরকারি সব ধরনের নীতিমালা অনুসরণ করেই হাসপাতাল পরিচালিত হচ্ছে।
তিনি আরো জানান, গরিব ও অসহায় রোগীদের জন্য নামমাত্র মূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা সারা বছর চালু রয়েছে। পাশাপাশি স্বল্প খরচে অ্যাম্বুলেন্স সেবাও প্রদান করা হচ্ছে। মাত্র ৩৮০ টাকায় রাজধানী ঢাকায় মিলছে এ অ্যাম্বুলেন্স সেবা।
এদিকে গত ২৭ মে নবজাতকদের মৃত্যুর ঘটনায় সরকারের সংশ্লিষ্ট বিভাগকে সব ধরনের সহযোগিতা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার কারণ অনুসন্ধানে সরকার ও হাসপাতালের পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।



