হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

২৪ ঘণ্টায় ৬৩ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। সেইসাথে হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৭৩৩ জন।

নয়া দিগন্ত অনলাইন
হাম উপসর্গ নিয়ে এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন
হাম উপসর্গ নিয়ে এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন |ইউএনবি

আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৯৬ জন শিশু।

শনিবার (১৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৫৫৬ জন শিশুর মৃত্যু হয়েছে। আর হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো ৯২ জন শিশুর। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬৪৮ জন শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ৬৩ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। সেইসাথে হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৭৩৩ জন। এই সময়ে ৬৭২ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৭৭ জন শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৪ হাজার ৮৯৯ জন, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ২৪৮ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৬৯ হাজার ৬০৬ জন রোগী, যাদের মধ্যে ৬৫ হাজার ৮৫২ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

সূত্র : ইউএনবি